ওসি-এসআইকে কুপিয়ে জখম ছাত্রলীগ নেতার

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে ধরতে গিয়ে তার ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় আহত ওসি (তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পলাতক আসামি মুসাকে গ্রেপ্তার করতে সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তার দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তার করতে চাইলে মুসা দোকানে থাকা একটি ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ওসি উত্তম কুমার ও এসআই ফখরুজ্জামান গুরুতর আহত হন। তাদের হামলা করে মুসা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই পুলিশ কর্মকর্তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উত্তম কুমারকে সিলেটে পাঠান।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী ও ইয়াবা কারবারি। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ গ্রেপ্তার করতে তার দোকানে অভিযান চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।