তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছন, বিএনপি একটি লিমিটেড কোম্পানি এবং দলটির ভাড়াটে নেতারা অন্য দল থেকে এসেছেন। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম, মওদুদ আহমদ ও রুহুল কবির রিজভীরা অন্য দল থেকে এসেছেন। মওদুদ আহমদ আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে বিএনপিতে এসেছেন। আর মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবির রিজভী ছাত্রজীবনে অন্য দল করেছেন।
খালেদা জিয়াকে মুক্ত করতে মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের এ মন্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘বিএনপি অতীতে বিভিন্ন সময় দানবীয় রূপ ধারণ করেছে, আমরা দেখেছি। গয়েশ্বর বাবু দানববন্ধব করতে হবে এ ঘোষণার মধ্য দিয়ে আবারও সেই ২০১৩ থেকে ২০১৫ সালে যে দানবীয় রূপ ধারণ করেছিল সেই একই রূপ ধারণ করার ইঙ্গিত দিচ্ছেন কি না, সেটি হচ্ছে প্রশ্ন।’
ছাত্রলীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের কমিটির বিষয়টি দেখাশোনা করেন। তিনিই ছাত্রলীগের কমিটি থাকবে কি থাকবে না, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে ছাত্রলীগের ব্যাপারে ঢালাওভাবে যেসব অভিযোগ করা হয় সেই সব অভিযোগ সত্য নয়। ছাত্রলীগে কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে। তারা নানান সময় নানান ঘটনা ঘটায়। সেগুলোর দায় ছাত্রলীগের ওপর এসে পড়ে। সব সময় যে সব খবর প্রচারিত হয়, সবগুলো সঠিক নয়।’