প্রযুক্তির উন্নয়ন অনেক কঠিন কাজকেও সহজ করে দিয়েছে। বাড়িতে বসে এক ক্লিকেই এখন নানা সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। কিন্তু বিশেষ চাহিদা-সম্পন্নদের ক্ষেত্রে বিষয়টা এত সহজ নয়। বধির এবং আংশিক দৃষ্টিহীনদের কাছে মোবাইল থাকা বা না থাকা অনেকটা একই রকম। কারণ, ফোনের ওপার থেকে ভেসে আসা কথা যেমন বধিরদের কাছে তা অশ্রুতই থেকে যায়, তেমনই মোবাইলের স্ক্রিনে কোনো লেখা পড়ে ওঠাও এক অসম্ভব কাজ আংশিক দৃষ্টিহীনদের কাছে। ফলে এই মাধ্যমে তাদের যোগাযোগ দুষ্কর হয়ে ওঠে। কিন্তু এই সমস্যা সমাধানে এবার এগিয়ে এসেছে স্যামসাং। তাদের নতুন উদ্যোগে বধির এবং আংশিক দৃষ্টিহীনরাও মোবাইলে যোগাযোগ রক্ষা করতে পারবে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ান এই প্রতিষ্ঠানটি দৃষ্টিহীনদের এক অনুষ্ঠানে দুটি নতুন অ্যাপের কথা ঘোষণা দিয়েছে। ‘গুড ভাইবস’ এবং ‘রেলুমিনো’ নামে এই অ্যাপ দুটি স্মার্টফোনকে কমিউনিকেশন টুলে পরিণত করে। গুড ভাইবস অ্যাপটি মোর্স কোড ব্যবহারের মাধ্যমে ভাইব্রেশনকে টেক্সট অথবা ভয়েসে পরিণত করে। একইভাবে এই কোডের মাধ্যমে টেক্সট ও ভয়েস ভাইব্রেশনে পরিণত হয়, যা থেকে বধির ও আংশিক দৃষ্টিহীনরা অনায়াসেই সেই বিষয়টি বুঝতে পারবেন। রেলুমিনো অ্যাপটি আবার স্ক্রিনের লেখাগুলো স্পষ্ট করে তুলে ধরতে সাহায্য করে। ফলে আংশিক দৃষ্টিহীনদের তা পড়তে সুবিধা হয়।
এই দুটি অ্যাপ তৈরি হয়েছে ভারতে। বধির ও দৃষ্টিহীনদের জন্য কাজ করা সংস্থা সেন্স ইন্ডিয়ার সঙ্গে একাত্ম হয়ে এই প্রযুক্তি বাস্তবায়ন করেছে স্যামসাং। স্যামসাং জানিয়েছে, এক বছর ধরে অ্যাপগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তারপর তা অ্যাপ স্টোরে এসেছে। স্যামসাং গ্যালাক্সি স্টোর থেকে আপাতত অ্যাপ দুটি ডাউনলোড করতে পারবেন ইউজাররা। শিগগিরই গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করা যাবে গুড ভাইবস এবং রেলুমিনো।