পাঁচ মাস বন্ধ থাকার পর আজ শনিবার থেকে দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথর উত্তোলন শুরু হচ্ছে। আজ সকাল থেকে তিন শিফটে পাথর তোলা হবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন খনির মহাব্যবস্থাপক (খনি ও পরিচালনা) আবু তালেব মো. ফরায়েজী। তিনি আরও জানান, গিয়ার বক্সের পিনিয়াম নষ্ট হলে চলতি বছরের ৩ এপ্রিল পাথর উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এরপর চীন থেকে পিনিয়াম এনে গত সোমবার ত্রুটি ঠিক করা হয়।
২০১৩ সালের ২ সেপ্টেম্বর মধ্যপাড়া কঠিন শিলা খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চুক্তি করে। প্রতিষ্ঠানটি ২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারি উৎপাদনে যায়। তিন শিফটে সে সময় খনি থেকে গড়ে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন হতো।
তবে খনি কর্র্তৃপক্ষ প্রয়োজনীয় যন্ত্রপাতি ও খনির উন্নয়ন ডিজাইন জিটিসিকে সরবরাহ করতে ব্যর্থ হলে ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর থেকে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২ বছর পাথর তোলা বন্ধ হয়ে যায়।
এর আগে ২০০৭ সালে এই খনির ঠিকাদারি পায় কোরীয় প্রতিষ্ঠান নামনাম। তারা দৈনিক তিন শিফটে ৫ হাজার ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রার কথা জানালেও ৭ বছরে কার্যক্রমই শুরু করতে পারেনি। একপর্যায়ে লোকসানের কারণে খনি বন্ধের উপক্রম হলে জিটিসির সঙ্গে চুক্তি করে বিপিসি।
খনির মহাব্যবস্থাপক আরও জানান, রেলপথ ও রেলের বিভিন্ন স্থাপনা নির্মাণে মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথর ব্যবহারের সম্ভাব্যতা যাচাই নিয়ে তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য আজ সকাল ১০টার দিকে পার্বতীপুরে আসবেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তার সঙ্গে দিনাজপুর-৫ আসনের এমপি মোস্তাফিজুর রহমান ফিজার ছাড়াও পেট্রোবাংলা ও রেলপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন।