প্রথমবারের মতো মাফিয়া চরিত্রে কাজ করেছি : আইরিন

সম্প্রতি নতুন বিজ্ঞাপনে কাজ করলেন র‌্যাম্প মডেল ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। সাম্প্রতিক কাজ নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

 

কী খবর?

এই তো ভালো আছি। শুক্রবারও কাজ করেছি। এখন যাচ্ছি ডাবিং করতে। এটি একটি ওয়েব সিরিজের ডাবিং।

নতুন এই ওয়েব সিরিজ নিয়ে জানতে চাই...

অনন্য মামুন পরিচালিত ‘ধোঁকা’ নামের এই ওয়েব সিরিজটির শ্যুটিং হয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। এখানে আমি প্রথমবারের মতো কোনো মাফিয়া চরিত্রে কাজ করলাম। মজার ব্যাপার আমার নামের সঙ্গে চরিত্রের নামেরও মিল আছে। ওয়েব সিরিজে আমার নাম হচ্ছে আইরিন মাইকেল।

আপনার বিপরীতে কে আছেন?

এই ওয়েব সিরিজে আমার বিপরীতে কাজ করেছেন এ বি এম সুমন। তিনি এখানে একজন আর্মি অফিসারের চরিত্রে কাজ করেছেন।

নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন...

হ্যাঁ, নতুন একটি বিজ্ঞাপনে কাজ করেছি। এটি মূলত অ্যান্টি অ্যাইজিং ক্রিমের একটি বিজ্ঞাপন। কয়েক দিন আগেই বিজ্ঞাপনের কাজটির শ্যুটিং শেষ করেছি।

এই বিজ্ঞাপনের মূল বিষয় কী ছিল?

বিজ্ঞাপনের মূল বিষয় হচ্ছে এমন একটি ক্রিম, যা মানুষের বয়সকে থামিয়ে দিতে পারে। ধরেন ২০ বছর বয়সের আগে থেকেই যদি কেউ এটি ব্যবহার করে তাহলে এই ক্রিমটি তার বয়সকে ২০ বছর বয়সেই সীমাবদ্ধ রাখবে। বলতে পারেন এই ক্রিম মাখলে বয়স বাড়বে না। সব সময় তারুণ্য ধরে রাখবে।

 

এই ক্রিমের থিমের সঙ্গে কি আপনি একমত?

দেখুন, বেশিরভাগ বিজ্ঞাপনের বিষয়ই তো এই রকম। রং ফর্সাকারী ক্রিমগুলোতে কি আসলেই রং ফর্সা হয়? হয়তো কিছুটা কাজ হয় কিন্তু তাতে তো আর কালো মানুষ ফর্সা হয়ে যায় না। এটাও ঠিক সে রকমই হয়তো। আসলে আমাদের কাজ করতে হয়, তাই করি। আর বিজ্ঞাপনে শুধু আমি নই আরও অনেকেই কাজ করেছেন। একজন ডাক্তারও করেছেন। আমার সঙ্গে এতে আরও আছেন পূর্ণিমা বৃষ্টি, সায়কা আজমেরী তৃণা এবং ডা. সাবরিনা আরিফ চৌধুরী। আর এই বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির।

শ্যুটিং কেমন হলো?

এটির শ্যুটিং হয়েছে এফডিসিতে। আমার অংশটি নির্মাতা অন্যভাবে ক্যামেরাবন্দি করেছেন। এমন ধরনের ভিন্ন স্বাদের কাজ করতে আসলে ভালোই লাগে। এই বিজ্ঞাপনে দর্শক ভিন্ন চমক হিসেবে আমাকে দেখবে।

আপনার অন্যান্য সিনেমার কী খবর?

বেশ কিছু সিনেমার কাজ শেষ করেছি। এর মধ্যে ‘সেভ লাইফ’, ‘রৌদ্রছায়া’, ‘ভোলা’, ‘গন্তব্য’, ‘টার্গেট’ ‘আহারে জীবন’। এখন অপেক্ষায় আছি কবে মুক্তি পাবে ছবিগুলো।

নতুন কোনো কাজ?

আর কোনো নতুন কাজের খবর এই মুহূর্তে দিতে পারব না। তবে একটি সিনেমার ব্যাপারে কথা চলছে। আশা করছি হয়ে যাবে। সবকিছু ঠিক হলে জানাতে পারব।