নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরীর ভলুর দ্বিতীয় স্ত্রীকে (৩৫) গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে সৈয়দপুর শহরের গোলাহাট মহল্লার বাসভবনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
পরিবার ও পুলিশের ভাষ্যমতে, সাত বছর বয়সী মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন ওই নারী। এ সময় গভীর রাতে পরিচিত স্থানীয় দুই তরুণ ডাকলে তিনি দরজা খুলে দেন। ঘরে ঢুকে ওই দুই তরুণ চাকু দিয়ে তাকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এ সময় তার মেয়ে টের পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় তরুণরা। মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে ওই নারীকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী শিশুটি জানায়, ‘আমার মায়ের চিৎকারে ঘুম ভেঙে যায়। এ সময় দেখি জীবন ও রাজা চাকু দিয়ে আমার মায়ের গলা কাটছে। তখন আমিও চিৎকার করে কাঁদতে থাকি।’
এ বিষয়ে হিটলার চৌধুরী ভলু বলেন, ‘ঘটনার সময় পাওয়ার হাউজ এলাকায় বাসায় ছিলাম। জীবন ও রাজা আমার পূর্বপরিচিত। একই মহল্লায় তাদের বসবাস হওয়ায় আমার বাড়িতে তাদের আসা-যাওয়া ছিল এবং প্রায়ই তারা বাড়ির বাজার করে দিতে।’
সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আবুল হাসনাত বলেন, ঘটনার তদন্ত চলছে। স্বামী হিটলার চৌধুরী ভলুকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।