কুকুর নিয়ে হাতাহাতির জের

মসজিদ কমিটির সদস্যদের ‘বন্দুক’ নিয়ে ধাওয়া

রাজধানীর মাদারটেকে কুকুর নিয়ে অভিযোগ জানাতে গিয়ে এক বন্দুকধারীর ধাওয়ার শিকার হয়েছেন স্থানীয় একটি মসজিদ কমিটিরসদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে সিঙ্গাপুর গলির ওই মসজিদ কমিটির সদস্যরা অভিযোগ জানাতে গেলে তাদের অস্ত্র নিয়ে ধাওয়া করেন লিটন খান নামের এক ব্যক্তি।

স্থানীয়রা দেশ রূপান্তরকে জানান, সিঙ্গাপুর প্রবাসী লিটন খানের বাসার পাশেই স্থানীয় মসজিদ। তার কুকুরগুলো মাঝেমধ্যেই মসজিদের ভেতরে চলে যায়। নামাজ পড়তে আসা ব্যক্তিদেরও বিরক্ত করে। এই নিয়ে গতকাল অভিযোগ করতে গেলে অস্ত্র নিয়ে ধাওয়া করেন লিটন।

সবুজবাগ থানার ওসি মাহবুব আলম জানান, লিটনের হাতে থাকা অস্ত্রটি ছিল একটি এয়ারগান। তিনি মানসিকভাবে অসুস্থ। তার বাসায় চারটি বিদেশি কুকুর আছে। শুক্রবার মসজিদ কমিটির সদস্যরা কুকুরগুলোকে সামলে রাখার আলোচনা করতে লিটনের বাসায় যান। লিটন তখন বাড়ির নিচেই ছিলেন। কথা বলার একপর্যায়ে উভয়পক্ষ তর্কে জড়ায়। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। পরে মসজিদ কমিটির সদস্যরা চলে যেতে চাইলে লিটন তার বাসা থেকে একটি এয়ারগান নিয়ে এসে তাদের ধাওয়া করেন।

গতকাল রাত সোয়া ১২টার দিকে মুচলেকা রেখে লিটনকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি মাহবুব।