সারা দিন কে কতবার আপনার ফেইসবুক প্রোফাইল চেক করেছে, সেটি জানতে নিশ্চয়ই সীমাহীন আগ্রহ। মাঝে মাঝে বিভিন্ন লিংকে ক্লিক করে কেউ কেউ আবার চেকও করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, ওইসব লিংকের তথ্য কি সত্য? কিংবা ফেইসবুকে আদৌ কি এই সুযোগ আছে?
ফেইসবুকের অফিশিয়াল পলিসিতে বলা আছে, কে আপনার প্রোফাইল ঘাঁটছে, সেটি দেখার কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমটিতে কাজ করা প্রযুক্তিবিদ রেজি ফিলহো রিডার্স ডাইজেস্টকে বলেন, ‘ফেইসবুকের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে এটির অনুমতি নেই। ব্যবহারকারীরা এ বিষয়ে ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে কোনো রিপোর্টও করতে পারেন না।’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট লাইফওয়্যারের প্রধান সম্পাদক ল্যান্স উলানফ বলছেন, প্রোফাইল ভিজিট করা ব্যক্তির নাম জানার নিরাপদ কিংবা নিশ্চিত কোনো উপায় নেই।
যেসব পেজ থেকে কোনো লিংকে ক্লিক করে প্রোফাইলে আসা মানুষের নাম জানতে প্রস্তাব দেওয়া হয়, তাহলে সেগুলো কী?
উলানফ জানান, এগুলোকে থার্ড পার্টি অ্যাপ বলা হয়। এদের সঙ্গে ফেইসবুকের কোনো সম্পর্ক নেই। লিংকে ক্লিক করলে তারা একটি তালিকা দেখিয়ে দাবি করে এই এই অ্যাকাউন্ট থেকে আপনার প্রোফাইল দেখা হয়েছে। প্রাইভেসির জন্য এসব লিংকে ক্লিক করা কিংবা অ্যাপগুলো ডাউনলোড করা উচিত নয়।
‘তারা সাধারণত আপনার ডেটা বিক্রি করে। আপনার ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপনী সংস্থার কাছে দিয়ে দেয়,’ জানিয়ে উলানফ বলেন, ‘এরা পাসওয়ার্ড কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য চাইলে দেওয়া যাবে না। ফেইসবুক চাইলে এমন টুল তৈরি করতে পারত। যেমনটা আছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিঙ্কডইনের প্রিমিয়াম সদস্যদের জন্য। কিন্তু ব্যবসায়িক কৌশলের কারণে ফেইসবুক এটি করে না।’
যারা কোডিংয়ে একটু অভিজ্ঞ, তারা অন্য একটি উপায়ে প্রোফাইল চেক করা ব্যক্তিদের নাম জানতে চেষ্টা করেন। সেটি হচ্ছে পেজ সোর্স থেকে। কম্পিউটারে নিজের ফেইসবুকে লগইন করে মাউসের ডান বাটনে ক্লিক করলে একদম শেষদিকে 'view page source' নামের একটি অপশন পাবেন। দেখবেন সেখানে অনেক লেখা। এগুলোকে বলা হয় কোডিং। এবার কন্ট্রোল+এফ প্রেস করলে সার্চ দেওয়ার জায়গা পাবেন। সেখানে ‘InitialChatFriendsList’ লিখে সার্চ দিলে ‘...’ এর ভেতর বিভিন্ন আইডি নম্বর দেখতে পাবেন। https://www. facebook.com এরপর একটি স্ল্যাশ দিয়ে নম্বর লিখে সার্চ দিলে বিভিন্ন অ্যাকাউন্টের নাম আসবে। যেমন নম্বর : ‘‘100000301945575’ হলে https://www.facebook. com/100000301945575 এভাবে সার্চ দিতে হবে। অনেকে দাবি করে, এরাই আসলে ফেইসবুক প্রোফাইলে এসেছে। কিন্তু এই দাবিরও কোনো সত্যতা নেই। এটা হতে পারে যাদের সঙ্গে আপনি চ্যাট করেছেন তাদের অ্যাকাউন্ট।
ফেইসবুক কেন এই সুযোগ রাখেনি: এ বিষয়ে ফেইসবুকের অফিশিয়াল কোনো মন্তব্য নেই। ইউনিভার্সিটি অব ফ্লোরিডার যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ অ্যান্ড্রু সেলপাক একটা ধারণা দিয়েছেন, ‘এটা ফেইসবুকের পিআরবিষয়ক একটা রহস্য। আমরা তো সব সময় বর্তমান, সাবেক বন্ধুদের টাইমলাইন চেক করি। এখন তারা যদি এটা জানতে পারে কে বা কারা তার অ্যাকাউন্ট দেখছে, তাহলে সেটি আমাদের জন্য অস্বস্তির বিষয় হতে পারে। এটি হলে মানুষ কম সময় ফেইসবুকে থাকবে। তাতে প্রতিষ্ঠানটির আয় কমে যাবে।’