এমপি পংকজের ভুয়া ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ ও হিজলা) আসনের সংসদ সদস্য (এমপি) পংকজ দেবনাথের ভুয়া অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে জয়পুরহাট থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো আমান হাসান শিপন (২৩) ও মেসবাহুল ইসলাম ওরফে মেসবাহ (২৭)। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান জানান, শুক্রবার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম তাদের গ্রেপ্তার করে। তিনি আরও জানান, দুজনকেই শনিবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, শুক্রবার জয়পুরহাট থেকে দুজনকে গ্রেপ্তার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের ঢাকায় আনা হয়। পংকজ দেবনাথকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য তার নাম এবং ছবিযুক্ত করে অশ্লীল ভিডিও তৈরি করে তা ছদ্মনামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তারা। ডিএমপির ডিজিটাল ফরেনসিক টিম বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া মনিটরিং ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে দুজনকে শনাক্ত করে।

এর আগে ভুয়া ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ ও ভাইরাল হওয়ার পর রাজধানীর ধানমণ্ডি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।