প্রায় এক কিলোমিটার দৌড়ে এক মোবাইল ছিনতাইকারীকে ধরেছেন কেরানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল। পরে গণপিটুনির হাত থেকে বাঁচাতে তিনি তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ ঘটনা ঘটে।
কামরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘আমার এক কাছের ছোট ভাই ক্যানসারে আক্রান্ত। ওর চিকিৎসার জন্য কিছু বন্ধুবান্ধব মিলে একটা ফান্ড কালেকশন করছিলাম। শুক্রবার রাতে কালেকশনের টাকা টিএসসিতে জমা দিতে যাচ্ছিলাম। আমার গাড়িটা যখন নিউমার্কেট চাঁদনী চকের সামনে এসে জ্যামের মধ্যে আটকা পড়ে। তখন দেখলাম বাসে এক ভদ্রলোক ফোনে কথা বলছিলেন। একটা ছেলে জানালা দিয়ে ফোনটা থাবা দিয়ে নিয়ে দৌড় দেয়। আমিও সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলে ওর পিছে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে একসময় সায়েন্সল্যাবের সামনে এসে ওকে ধরি। পাবলিক যেন তাকে গণপিটুনি না দেয় তাই এসআই মাসুদের হাতে তাকে তুলে দিই।’
কেন চোরের পিছু দৌড়ালেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি একজন ম্যাজিস্ট্রেট। অপরাধ দেখলে আমার আমলে নিতে হয়। আর তাৎক্ষণিকভাবে মনে হয়েছে ওকে ধরব, ধরতেই হবে। তাই ওর পেছনে পেছনে দৌড়িয়েছি। এ ছাড়া আজকাল আমাদের সামনে কোনো দুর্ঘটনা বা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে আমরা ভিডিও করি, ছবি তুলি, চুপচাপ দেখি অথচ এগিয়ে যাই না। অনেক ক্ষেত্রে ভয়ও পাই। আমরা যদি সাহস করে অথবা বিবেকবোধ থেকে এগিয়ে যাই, তাহলে সমাজ থেকে খারাপ কাজগুলো আস্তে আস্তে দমন হয়ে যাবে।’