সংবাদপত্র কর্মীদের বেতন-ভাতা সর্বোচ্চ ৮৫ শতাংশ বাড়িয়ে নবম ওয়েজ বোর্ডের (নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৯) গেজেট প্রকাশ করেছে সরকার। গতকাল শনিবার গেজেটটি প্রকাশ হয়। নতুন এই বেতন কাঠামো অনুযায়ী আগের চেয়ে ৮০ থেকে ৮৫ শতাংশ বেড়েছে বেতন-ভাতা।
নবম সংবাদপত্র মজুরি বোর্ডে অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো পাঁচটি শ্রেণিতে সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিন্যাস করা হয়েছে। অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ডের মতো শ্রেণিবিন্যাসে সংবাদপত্র ও সংবাদ সংস্থার বার্ষিক গ্রস আয় ও প্রচার সংখ্যার ভিত্তি অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বার্ষিক গ্রস আয় ও প্রচার সংখ্যা ছাড়াও দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে জনবল এবং দৈনিক পত্রিকার পৃষ্ঠার সংখ্যা ভিত্তি হিসেবে সংযোজন করেছে।
নবম সংবাদপত্র মজুরি বোর্ডের চেয়ারম্যান গত বছরের ১ মার্চ থেকে নবম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ ঘোষণা পর্যন্ত সংবাদপত্র ও সংবাদ সংস্থায় নিয়োজিত সাংবাদিক, সাধারণ কর্মচারী ও প্রেস শ্রমিকদের মূল বেতনের ওপর ৪৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা সুপারিশ করেছিলেন, যা পরবর্তী সময়ে নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের সঙ্গে অন্তর্ভুক্ত হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট নোটিফিকেশনের দিন থেকে তা কার্যকর হবে।
২০১৮ সালের ৪ নভেম্বর সচিবালয়ে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৮’ সুপারিশমালা জমা দেন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হক। পরে গত বছরের ৩ ডিসেম্বর নবম ওয়েজ বোর্ডের সুপারিশ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয়। ওইদিনই নতুন এই বেতন কাঠামো পরীক্ষা করে বাস্তবায়নের সুপারিশ দিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়।
নতুন সরকার গঠিত হলে চলতি বছরের ২১ জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে ‘নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ, ২০১৮’ পরীক্ষায় এর আগে গঠিত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে পুনর্গঠিত সাত সদস্যের মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক করা হয়।