ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়ে টানা ম্যাচ জয়ের নতুন বিশ্ব রেকর্ড গড়ল আফগানিস্তান। রবিবার মিরপুরে টাইগারদের বিপক্ষে ২৫ রানের জয় তুলে নেয় আফগানরা। টি-টোয়েন্টিতে যা তাদের টানা ১২তম জয়।
জিম্বাবুয়েকে শনিবার ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে আফগানিস্তান। ওই জয়ের ফলে টানা ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের নজির গড়ে ক্রিকেটে তুলনামূলক এই নবীন দলটি। এর আগে ২০১৬-১৭ মৌসুমেও টানা ১১টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল আফগানিস্তান। জিম্বাবুয়েকে হারিয়ে নিজেদেরই গড়া সেই রেকর্ডটি ফের স্পর্শ করে দলটি।
আর রবিবার টানা জয়ের সংখ্যাটা বাড়িয়ে গড়ল নতুন রেকর্ড। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ১২টি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড আফগানদের।
এদিন আফগানদের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতেই ১৩৯ রানে থেমেছে টাইগাররা।