অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জালিয়াতিসহ নানা কারণে কোনো ব্যাংকের কর্মকর্তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলে তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে।
গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ নিজ নিজ প্রতিষ্ঠানের শাস্তিপ্রাপ্ত কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থার তথ্য প্রেরণ বিষয়ে এ-সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি, নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত করা হলে শুধুমাত্র তাদের তথ্যাদি দায়িত্বরত কর্মকর্তার মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংককে পাঠাতে হবে। একই সঙ্গে, আদালত বা উপযুক্ত কর্র্তৃপক্ষ কর্র্তৃক কোনো কর্মকর্তার বর্ণিত শাস্তি শিথিল বা মওকুফ করা হলে তার সংশ্লিষ্ট ডকুমেন্টসের কপিসহ সচিব বিভাগকে তিন কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে। এ ছাড়া ইতিপূর্বে বরখাস্তকৃত কর্মকর্তাদের তথ্যাদি ছাড়া অন্যান্য তথ্য মুছে ফেলতে একটি তালিকা প্রস্তুত করে পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে সচিব বিভাগে প্রেরণ করতে হবে।
ব্যাংক খাতে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা নিয়োগ প্রদানের আগে সংশ্লিষ্ট তথ্যাদি থেকে আবশ্যিকভাবে যাচাই করতে হবে বলে কেন্দ্রীয় ব্যাংক থেকে নির্দেশ দেওয়া হয়েছে।