সাংবাদিকদের কাদের

ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার জেলার রূপগঞ্জ উপজেলায় ভুলতা ফ্লাইওভার পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এই প্রথম শৃঙ্খলা

 

 ভঙ্গের অভিযোগে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে নজিরবিহীন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। বাধ্যতামূলক এই দুজনকে পদত্যাগ করানো হয়েছে। তিনি জানান, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স অবস্থানে আছে। অন্যায়, অনিয়ম যে-ই করুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজেই ছাত্রলীগের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেখভাল করছেন। ছাত্রলীগের পরবর্তী সম্মেলন সম্পন্ন করতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। তাদের মাধ্যমেই সম্মেলন করে কমিটি গঠন করা হবে।

এর আগে সেতুমন্ত্রী নবনির্মিত ভুলতা ফ্লাইওভারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। ফ্লাইওভার প্রসঙ্গে তিনি বলেন, ৩৭৫ কোটি টাকা ব্যয়ে চার লেনবিশিষ্ট ভুলতা ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী সময় সুযোগমতো যেকোনো দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ভুলতা ফ্লাইওভারের নির্মাণ প্রকল্পের পরিচালক গোলাম হায়দার রিয়াদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মমসহ জেলা পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।