রং সাইডে আসা বাসের চাপায় তিন ছাত্রলীগ নেতা নিহত

কুমিল্লায় উল্টো সাইড দিয়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার উত্তররামপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার সানন্দা গ্রামের সাদেক হোসেনের ছেলে কাজল হোসাইন (২৫), লালমতি গ্রামের হুমায়ন কবিরের ছেলে তৌকির আহাম্মেদ সজল (২৫) ও আব্দুল লতিফের ছেলে শাহিন আহম্মেদ (২৬)। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র কাজল বিজয়পুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদ্য বিবিএ ফাইনাল দেওয়া তৌকির অর্থ সম্পাদক এবং শাহিন সদস্য ছিলেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, সদর দক্ষিণ উপজেলা থেকে প্রয়োজনীয় কাজ শেষে মোটরসাইকেলযোগে ওই তিনজন পদুয়ার বাজার বিশ্বরোডে আসছিলেন। এ সময় হাইওয়ের পাশের হোটেল নূরজাহান থেকে যাত্রাবিরতি শেষে উল্টো সাইড দিয়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি ইউটার্ন করতে গিয়ে তাদের চাপা দেয়। গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি উদ্ধার এবং বাসচালক হামিদুল ইসলামকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।এছাড়া গতকাল রাজধানীর মিরপুরে মাটি খননের কাজ করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে শ্রমিক, চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের জানালা দিয়ে মাথা বের করে সহকর্মীকে ডাকতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পোশাককর্মী, পঞ্চগড়ে অটোর ধাক্কায় চার বছরের শিশু, মাগুরায় বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নারী, সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন নিহত হন।

রাজধানীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত : মিরপুরে ৬ নম্বর সেকশনে মাটি খননের সময় ট্রাকের নিচে চাপা পড়ে আহসান গাজী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খুলনার পাইকগাছা উপজেলার দেবদোয়ার গ্রামের বাসিন্দা আহসান তেজগাঁও বেগুনবাড়ি বস্তিতে থাকতেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মামাতো ভাই ও সহকর্মী জহুর আলী গাজী জানান, তারা চুক্তিভিত্তিক মাটি খননের কাজ করেন। কয়েকদিন ধরে ৬ নম্বর সেকশনে কয়েকটি নির্মাণাধীন সরকারি ভবনের পাশে মাটি কেটে নালা তৈরি করছিলেন। আর সেই মাটি ট্রাক দিয়ে সরানো হচ্ছিল। কাজের সময় আহসান কোদাল নিয়ে ড্রেন থেকে উঠে পেছনে যাচ্ছিল। তখন ট্রাকটিও তাকে চাপা দেয়। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানালার বাইরে মাথা দিয়ে প্রাণ গেল পোশাককর্মীর : চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের জানালা দিয়ে মাথা বের করে সহকর্মীকে ডাকতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক পোশাককর্মী নিহত হয়েছেন। গত শনিবার রাত ১২টার দিকে উপজেলার সৈন্যেরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোজাম্মেল পটিয়ার জলুয়ারদিঘির পাড় এলাকার ওসমান গণির ছেলে। তিনি বেলা টেক্সটাইল লিমিটেডের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, অফিস শেষে বাসযোগে বাড়ি ফিরছিলেন মোজাম্মেল। পথে জানালা দিয়ে মাথা বের করে সহকর্মীকে ডাকতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তার মগজ বের হয়ে যায়। কর্ণফুলী থানা পুলিশ চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড়ে অটোর ধাক্কায় শিশু নিহত : পঞ্চগড়ে অটোর ধাক্কায় মাহিন (৪) নামে এক শিশু মারা গেছে। দুপুরে সদর উপজেলার আমলাহার-ধাক্কামারা সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাহিন উপজেলার লাঙ্গলগাঁও গ্রামের রিমন আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি মায়ের কোলে চড়ে অটোতে করে পঞ্চগড় শহরের দিকে আসছিল। বুড়িরবান এলাকায় সত্তেন মেম্বারের বাড়ি কাছে এলে সে অটো থেকে পড়ে যায়। এ সময় আর একটি অটো তাকে ধাক্কা দেয়। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাগুরায় বাসের ধাক্কায় নারী নিহত : দুপুরে সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে অঞ্জলি বিশ্বাস (৪৫) নামে এক নারী নিহত হন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাগনী গ্রামের ফণিভূষণ বিশ্বাসের স্ত্রী। সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ইজিবাইকের তিন যাত্রী মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ : কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রবিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ অটোরিকশার চালক মো. আলম (২৫) ও যাত্রী উপজেলার বর্ণি গ্রামের মঈন উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।

মোটরসাইকেলের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত : চাঁদপুরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম গাজী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের মৈশাদী গ্রামের বাসিন্দা।

সীতাকুণ্ডে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১ : উপজেলার ভাটিয়ারীতে দুপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুলাল চন্দ্র শীল (৪৫) নামে একজন নিহত হয়েছেন। দুলাল ভাটিয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বার আউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিবেদনে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ব্যবহার করা হয়েছে।