সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মোট ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮’ ৬৩ জেলায় আয়োজিত লিখিত
পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে লিখিত পরীক্ষায় মোট ৫৫ হাজার ২৯৫ জন প্রার্থী পাস করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এই ফল পাওয়া যাচ্ছে। উত্তীর্ণরা মোবাইলে মেসেজের মাধ্যমে ফল জানতে পারবেন।
উল্লেখ্য, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার প্রথম ধাপ গত ২৪ মে, দ্বিতীয় ধাপ ৩১ মে, তৃতীয় ধাপ ২১ জুন ও চতুর্থ ধাপের পরীক্ষা ২৮ জুন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটকও করা হয়। গত বছরের ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। ১২ হাজার আসনের বিপরীতে সারা দেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতি আসনে প্রায় ২০০ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।