‘আল্লাহর পথে যাচ্ছি’

নিখোঁজ স্কুলছাত্র চট্টগ্রাম বন্দর থেকে উদ্ধার

‘আল্লাহর পথে যাচ্ছি’ চিরকুট লিখে বের হয়ে যাওয়া স্কুলছাত্র মোহায়মিনুলকে (১৪) চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোররাতে চট্টগ্রাম বন্দর এলাকায় তাকে পাওয়া যায়। কী কারণে বা কাদের সঙ্গে সে বাড়ি ছেড়েছিল তা তৎক্ষণাৎ জানা যায়নি।

জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। গত শুক্রবার রাত ৮টার দিকে এশার নামাজ পড়ার কথা বলে সাতক্ষীরা শহরের মনজিতপুর এলাকার বাসা থেকে বেরিয়ে যায় মোহায়মিনুল। জঙ্গি পথে জড়িয়ে গেছে এমন ধারণায় উদ্বেগ প্রকাশ করে পরিবার ও পুলিশ প্রশাসন। সে পুলিশ কনস্টেবল মোস্তাফিজুর রহমানের ছেলে ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, রবিবার ভোররাতে চট্টগ্রামের বন্দর থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং সাতক্ষীরায় ফিরিয়ে আনা হচ্ছে।

নিখোঁজের পর তার পরিবারের সদস্যরা জানান, মোহায়মিনুল অত্যন্ত চুপচাপ স্বভাবের ছেলে। তার কোনো বন্ধুও নেই। দুয়েকজন ছেলের সঙ্গে স্কুলে যেত। লেখাপড়ার পাশাপাশি সবসময় আল্লাহর পথ নিয়ে ভাবত।

চিরকুটে সে লিখে রেখে যায়, ‘আমি গৃহ পলায়ন করি নাই। গৃহত্যাগ করিলাম। সত্যের সন্ধানে যাচ্ছি। আমাকে খোঁজাখুঁজি করে লাভ নেই। সত্যের মধ্যে সত্য আছে। কাজের ভেতরে কাজ আছে। দীর্ঘকালে আমাকে কেউ চিনে নাই, জানে নাই আমার কাজকে। আজ হয়তো প্রভুর অনুমতিক্রমে আমার সময় শেষ। তাই চলিলাম। ইহা স্বাভাবিক। অন্তত মুসলিমের পক্ষে। আমি সত্য লইয়াই আঁধার রাতে বাহির হইয়াছি।’