কক্সবাজার শহরে পৃথক ঘটনায় গুলিবিদ্ধ দুই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কবিতা চত্বর ও কাটাপাহাড় এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এর মধ্যে আব্দুল্লাহ আল রিফাত (২৫) নামের একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার জানান, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ আল রিফাতের গুলিবিদ্ধ মৃতদেহ শহরের কাটা পাহাড় এলাকায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
অপরদিকে, সকালের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে কবিতা চত্বর এলাকায়। সেখানে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া গেছে ২’শ পিস ইয়াবাও। মৃতদেহ ২টি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, ‘পৃথক দুটি ঘটনায় কিছু আলামত পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে ইয়াবার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে এই দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ এ ঘটনায় পৃথক মামলা করেছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’