"ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া" ব্রাহ্মণবাড়িয়া জেলার তরুণদের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। গত চার বছর ধরে সামাজিক বিভিন্ন অঙ্গণে সুনামের সাথে কাজ করে আসছে এ সংগঠনটি। বুধবার মুখোমুখি আড্ডায় ব্লাড ফর ব্রাক্ষণবাড়ীয়ার সভাপতি এহসান সাগর এর সঙ্গে কথা বলে স্বেচ্ছাসেবী এ সংগঠনের নানা কার্যপরিধি জানা যায়। সাক্ষাৎকার নিয়েছেন কবির হোসেন।
এমন একটি সামাজিক সংগঠনে কাজ করতে কেমন লাগছে?
এহসান সাগর: ছোট বেলা থেকে বিভিন্ন সামাজিক কাজকর্ম দেখে পিছে পিছে ছুটে যেতাম, বড় হওয়ার সাথে ভাবনার পরিধিও আরো বাড়তে থাকে। ঠিক সেই অনুভূতিই থেকেই এমন একটা সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলাম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এক ব্যাগ রক্ত দিয়ে যদি একজন মানুষের প্রাণ বাঁচানো যায় এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে।
সেবা প্রার্থীরা কীভাবে সেবা পাবে আপনাদের এ সংগঠন থেকে?
এহসান সাগর: আমাদের একটি অনলাইন গ্রুপ রয়েছ, আর সেটিরও ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া নামে নামকরণ করা হয়েছে, গ্রুপটি সকলের জন্য উন্মুক্ত। আমারা মূলত এই গ্রুপটির মাধ্যমে সেবা গ্রহীতার সাথে প্রাথমিক যোগাযোগ করে থাকি। আমাদের সকল প্রকার নিয়মকানুন ও তথ্য এই গ্রুপটিতে সরবরাহ করে থাকি। বর্তমানে এই গ্রুপটির সদস্য সংখ্যা ৬০ হাজারের উপরে রয়েছে। এছাড়া আমাদের পরিচালনা পরিষদে ২০ জন সদস্য রয়েছে, যাদের অত্যন্ত কঠোর পরিশ্রমে কার্যপরিধি পরিচালনা করা হয়।
ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়াকে সামনে আরো কীভাবে এগিয়ে নিতে চান?
এহসান সাগর: "ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া" র উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার রক্তদানে সামর্থ্যবান প্রত্যেকটি ব্যক্তিকে রক্তদাতা হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতে এমনটাই স্বপ্ন দেখেন সংগঠনটির সদস্যরা, -ব্রাহ্মণবাড়িয়ায় রক্তদানে যোগ্যতাসম্পন্ন প্রত্যেকটি মানুষই হবে রক্তদাতা। এখন সংগঠনটি বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেমন-প্রত্যেকটি স্কুল, কলেজে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে আগ্রহী করে তোলা এবং থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে আরো জোরদার প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। এক কথায় ব্রাহ্মণবাড়িয়াকে একটি নিরাপদ রক্ত সঞ্চালনের শহর উপহার দিতে কাজ করছে ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া।
কাজ করতে গিয়ে সংগঠটি কোন অসুবিধার সম্মুখীন হয়েছে।
এহসান সাগর: সংগঠনটির শুরুর দিকে কাজ করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি আমরা হতাম, যেমন-অনেক হাসপাতালেই স্কিনিং টেষ্ট ব্যতীত রক্ত গ্রহণ করতো কিন্তু সবার আন্তরিক প্রচেষ্টায় এই সমস্যাটি আমরা কাটিয়ে উঠতে পেরেছি। এখন আমরা গর্ব করে বলতে পারি- নিরাপদ রক্ত সঞ্চালনের শহর আমাদের ব্রাহ্মণবাড়িয়া।
ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়া ব্লাড ডোনেশন ছাড়া আর কি কি সামাজিক কাজ করে থাকে?
এহসান সাগর: সংগঠনটি ব্লাড ডোনেশন ছাড়া ও আরো সামাজিক কাজ কর্ম করে থাকে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের কে নানা ক্ষেত্রে সাহায্য সহযোগিতে করে থাকে। হত দরিদ্র পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অঙ্গিকারবদ্ধ সংগঠনটি।
সংগঠনটির আর্থিক চাহিদা কীভাবে মিটে ?
এহসান সাগর: সংগঠনের যাবতীয় খরচ সংগঠনটির সদস্যরাই বহন করে থাকে। যেকোন ক্যাম্পেইন কিংবা প্রোগ্রামের আগেই আগ্রহী সদস্যদের অর্থায়নে যাবতীয় কার্যাবলী সম্পাদন করা হয়। সবার আন্তরিক প্রচেষ্টায় সংগঠন সফলতার মুখ দেখেছে। সংগঠনটির প্রতিটি সদস্য বিশ্বাস করেন,সবার ভালোবাসায় এবং আন্তরিকতাই সংগঠনটিকে আরো বহু দূর অগ্রসর হতে সহায়তা করবে।