আখাউড়ার একটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার এক ছাত্রীর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
পৌরশহরের দুর্গাপুর আন নুর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক শওকত হোসেন রিপন (৪৫) এর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরশহরের দুর্গাপুর আন নুর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রীদের যৌন হয়রানির ঘটনাটি জানাজানি হলে সোমবার সকালে মাদ্রাসা থেকে অভিভাবকেরা তাদের মেয়েদের নিয়ে যাচ্ছে। এ সময় এলাকার লোকজনও মাদ্রাসায় জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে অভিযুক্ত মাদ্রাসার পরিচালক শওকত হোসেন রিপন পালিয়ে যায়।
রিপনের স্ত্রী মুর্শিদা বেগম ওই মাদ্রাসার একজন সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। প্রায় ২০০ ছাত্রী অধ্যয়নরত ছিল ওই মাদ্রাসায়।
অভিভাবকেরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে পরিচালক শওকত হোসেন রিপন একাধিক ছাত্রীকে হয়রানি করে বলে বিষয়টি মাদ্রাসার মালিক আছমা বেগমকে বহুবার জানিয়েছেন। কিন্ত আছমা বেগম কোন ব্যবস্থা নেয়নি রিপনের বিরুদ্ধে।
এ নিয়ে দুর্গাপুর আন নুর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার মালিক আছমা বেগমের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, আন নুর ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার পরিচালক শওকত হোসেন রিপন একাধিক ছাত্রীকে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা জানাজানি হলে রিপন পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।