ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ পক্ষের মারামারি

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেইসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে  ছাত্রলীগের দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

সোমবার রাত ৮ টার দিকে পৌর সদরের ফটিকছড়ি কলেজ গেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের সিরাজ বাড়ির ইদ্রিসের ছেলে নাঈম (২১), একই বাড়ির আলী আজমের ছেলে রাহাত (২০) ও নাছির উদ্দীনের ছেলে রনি (২১) সহ অন্তত ৫ ছাত্রলীগ কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনায় আহত নাজিরহাট পৌর ছাত্রলীগের সদস্য রনি বলেন, ‘আমি কিছুদিন আগে ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদকে উদ্দেশ্য করে ফেইসবুকে একটি মন্তব্য করেছিলাম। সেটি নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সোমবার বিকেলে ফটিকছড়ি কলেজ মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে গেলে ওই স্ট্যাটাসের জের ধরে সাজ্জাদের নেতৃত্বে ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের অনেকে আমাকে মারধর করে। তার প্রতিবাদে আমরা নাজিরহাট পৌর ছাত্রলীগের কর্মীরা সন্ধ্যায় ফটিকছড়ির সদরের বিবিরহাট বাজারে একটি মিছিল বের করি। মিছিলটি ফটিকছড়ি কলেজ গেইট সংলগ্ন এলাকায় গেলে তারা আমাদের ওপর রড, হকিস্টিক ও কিরিস দিয়ে হামলা করে। এতে নাজিরহাট পৌর ছাত্রলীগের অন্তত ৫ জন কর্মী আহত হয়।’

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাজ্জাদের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে ফোন করে তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানতে চাইলে এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, 'বিষয়টি শুনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া  হবে।