দর্শনায় পল্টু হত্যা মামলা

উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদকসহ ৭ জন কারাগারে

চুয়াডাঙ্গার দর্শনায় যুবলীগ কর্মী নঈম উদ্দীন পল্টু হত্যা মামলায় দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ ৭ আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো. রবিউল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

পুলিশ জানায়, দলীয় কোন্দলের কারণে গত ২৩ আগস্ট বিকেলে দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার এলাকায় যুবলীগ কর্মী নঈম উদ্দীন পল্টুকে (৩৭) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার পরদিন নিহতের বড় ভাই মঈনুদ্দিন মন্টু বাদী হয়ে দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানসহ যুবলীগের ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন দর্শনা পৌর যুবলীগের সেক্রেটারি আসলাম উদ্দীন তোতা, যুবলীগ নেতা দিপু রেজা, সাইদুল ইসলাম বাংলা, আলম মিয়া, সোহেল হোসেন ও আশিক উদ্দীন।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, গত ৯ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ১০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন আসামিরা।