সোনামসজিদে বসছে অবৈধ পণ্য শনাক্তকরণ মেশিন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে বসছে ভিকেল এক্সরে স্ক্যানার মেশিন। ভারত থেকে আসা পণ্যবাহী গাড়িতে মাদক, অস্ত্রসহ অন্যান্য অবৈধ পণ্য পাচার রোধে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।  বিজিবির অর্থায়নে শিগগিরই বন্দরের কয়লাবাড়ি পয়েন্টে অত্যাধুনিক এই মেশিন স্থাপন করা হবে বলে গতকাল সোমবার এক প্রেস ব্রিফিংয়ে জানান বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করা হয়েছে। এ সময় ৪৩ জন চোরাকারবারিকেও আটক করা হয়। পাশাপাশি ১৩ পিস্তল, ২৬ ওয়ান শুটার গান, ২ এয়ার গান, ২৪ ম্যাগাজিন ও ৮৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সীমান্ত হত্যা, অবৈধ্য সীমান্ত পারাপার, অস্ত্র-মাদক পাচার রোধে ধারাবাহিক অভিযানের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গত মাস পর্যন্ত ৭৫টি জনসচেতনতামূলক সভা করা হয়েছে।