ভারতের কেন্দ্র সরকার দাবি করছে কাশ্মীরে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। সংবাদকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন, স্কুল-কলেজ স্বাভাবিকভাবে চলছে। তবে সেখানে যেতে চেয়ে যারা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাদের দাবি, কাশ্মীরের আদালতে যেতে পারছেন না বলেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। এ অবস্থায় গতকাল ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ কাশ্মীরে যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থা ফেরানোর নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে তিনি নিজে জম্মু-কাশ্মীরে গিয়ে অবস্থা খতিয়ে দেখতে চান। এশিয়ান নিউজের এক খবরে বলা হয়েছে, এদিন আদালতে কাশ্মীরবিষয়ক এক মামলার শুনানি চলাকালে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ প্রশ্ন করেন, ‘জম্মু ও কাশ্মীর হাইকোর্টে যেতে সমস্যা হবে? কেউ কি বাধা দিচ্ছে?’
হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এ বিষয়ে শীর্ষ আদালত খবরাখবর নেবে বলেও জানান তিনি। এরপরই বলেন, ‘প্রয়োজনে তিনি নিজে যেতে চান কাশ্মীর হাইকোর্টে। সত্যিই সমস্যা কি না তা খতিয়ে দেখতে চান।’ তিনি আরও বলেন, ‘সমস্যা যদি সত্যিই থেকে থাকে তবে সুপ্রিম কোর্টের কিছু অবশ্যই করতে হবে।’
মামলার শুনানিতে সরকারপক্ষের প্রতিনিধি ছিলেন সলিসিটর জেনারেল কে কে ভেনুগোপাল। তিনি অবশ্য দাবি করেন, সেখানকার সব আদালতই স্বাভাবিকভাবেই চলছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রতিনিয়ত উপত্যকায় যাচ্ছেন। প্রতিদিন খবরের কাগজ প্রকাশিত হচ্ছে কাশ্মীরে। ডিশ, টিভি চালু হয়ে গিয়েছে, চলছে রেডিও।