বিদ্যুৎ ঘাটতি মেটাতে ভারতের ঝাড়খ- থেকে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার। এজন্য ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর থেকে মনাকষা সীমান্ত পর্যন্ত ৪০০ কেভি সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। একই সঙ্গে ৮ হাজার ৯৬৮ কোটি টাকা ব্যয়সংবলিত মোট আট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
এমএ মান্নান বলেন, ভারতের ঝাড়খ- রাজ্যে নির্মাণাধীন ২ হাজার ৮০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হতে ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। এজন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন থেকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন (বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী সংযোগস্থল) পর্যন্ত ২৮ কিলোমিটার ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ করা হবে। এর ফলে জাতীয় গ্রিডে আরও ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
অনুমোদিত প্রকল্পটি বিদ্যুৎ বিভাগের আওতাধীন পিজিসিবি বাস্তবায়ন করবে। প্রকল্পটিতে মোট ব্যয় হবে ২২৫ কোটি ৪৯ লাখ টাকা। এর মধ্যে জিওবি ২১৬ কোটি এবং সংস্থার নিজস্ব ৯ কোটি টাকা। চলতি বছর থেকে ডিসেম্বর ২০২১ মেয়াদে বাস্তবায়নের লক্ষ্য ধরা হয়েছে।
অন্যদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যানসার চিকিৎসাকেন্দ্র স্থাপন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। পুরো অর্থ সরকারের নিজস্ব অর্থায়ন থেকে বরাদ্দ দেওয়া হবে। ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৮৮ লাখ টাকা।
সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘ময়মনসিংহ (রঘুরামপুর)-ফুলপুর-নকলা-শেরপুর (আর-৩৭১) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন’ প্রকল্প ও ‘রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া সড়কের বিন্দুর মোড় থেকে বিমানবন্দর হয়ে নওহাটা ব্রিজ পর্যন্ত পেভমেন্ট চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘রাজশাহী মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদীঘি মোড় এবং মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন’ প্রকল্প; প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘আশ্রয়ণ-২ শীর্ষক’ প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘জুনোসিস এবং আন্তঃসীমান্তীয় প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ গবেষণা’ প্রকল্প; পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘স্ট্রেংদেনিং মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন ক্যাপাবিলিটিজ অব আইএমইড (এসএমইসিআই)’ প্রকল্প।