সরাসরি ভোটের মাধ্যমে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা সম্ভব না হলে বিএনপির ‘হাইকমান্ড’ যে নেতৃত্ব ঠিক করে দেবে তা-ই মেনে নেবেন কাউন্সিলররা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কাউন্সিলররা এক সভায় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এ অঙ্গীকার করেন। সভা শেষে দেশ রূপান্তরকে এ কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক কাউন্সিলর, যিনি ঢাকা মহানগর ছাত্রদলেরও নেতা।
এদিকে আদালতের নিষেধাজ্ঞার কারণে ছাত্রদলের নির্বাচন পরিচালনায় গঠিত তিন কমিটির নেতারা গতকাল তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তাদের স্থলে ছাত্রদলের কাউন্সিলরদের মধ্য থেকেই কাউন্সিল প্রস্তুতি কমিটি করা হবে, যার আহ্বায়ক হতে পারেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান রাজ বা ঢাকা মহানগর পূর্বের সভাপতি খন্দকার এনামুল হক এনাম।
ঢাকা মহানগর ছাত্রদলের ওই নেতা জানান, ছাত্রদল ঢাকা মহানগরের চারটি ইউনিটসহ আরও কয়েকটি ইউনিটের কাউন্সিলররা গতকাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেছেন। বৈঠকে স্কাইপির মাধ্যমে সংযুক্ত ছিলেন তারেক রহমান। বৈঠকে ছাত্রদলের কাউন্সিলররা তারেক রহমানকে ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতা নির্বাচিত করার জন্য অনুরোধ করেন। জবাবে তারেক রহমান তাদের জানান, শেষ পর্যন্ত তিনি চেষ্টা করে যাবেন ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য। তবে সম্ভব না হলে তিনি যে কমিটি উপহার দেবেন তা কাউন্সিলররা যেন মেনে নেন। কাউন্সিলররা তার এ আহ্বানে সায় দিয়েছেন।
গতকাল ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল শাখার সভাপতি খন্দকার এনামুল হক এনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে আসা কাউন্সিলররা সভায় বসেন। সভায় কাউন্সিলর মিজানুর রহমান রাজের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে গতকাল (মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০১৯) কাউন্সিলর খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের কাউন্সিল সভা করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী দুপুর ১টায় সভা হয়। সভা পরিচালনা করেন
কাউন্সিলর রেজাউল করিম টুটুল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভায় অংশ নেওয়া কাউন্সিলররা বিএনপি চেয়ারপারসন বা তার অনুপস্থিতিতে অনুরূপ দায়িত্ব পালনরত তারেক রহমানকে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে ঘোষণা করেন। এ প্রস্তাব উপস্থিত সব কাউন্সিলর দ্ব্যর্থহীনভাবে সমর্থন করেন।
সরে দাঁড়ালেন নির্বাচন পরিচালনা কমিটির নেতারা : ছাত্রদলের কাউন্সিলরদের সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর তিনি স্কাইপিতে যুক্ত হন বিএনপি নেতাদের সঙ্গে, যারা ছাত্রদলের নির্বাচন পরিচালনায় গঠিত তিন কমিটির সদস্য। এ সময় তারা তারেক রহমানকে বলেন, আদালতের নিষেধাজ্ঞার কারণে আমরা কাউন্সিলের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না। ছাত্রদলই তাদের কাউন্সিল করুক। তাদের দিয়েই তাদের কমিটি করা হোক।
কাউন্সিল প্রস্তুতি কমিটি হচ্ছে, রাজ বা এনাম আহ্বায়ক : ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটিতে যুক্ত এক বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, রাজ বা এনামকে দিয়ে কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হতে পারে। তারা শিগগিরই কাউন্সিলরদের ভোটের মাধ্যমে ছাত্রদলের নতুন কমিটির নেতা নির্বাচন করবেন। তিনি আরও জানান, আদালতের আদেশ অনুযায়ী আগামীকাল ১৯ সেপ্টেম্বরের মধ্যে শোকজের জবাব দিতে হবে। তারপরই কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হবে।