উন্নয়ন প্রকল্পের পণ্য ক্রয়ে দাম নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নির্দেশ দিয়ে বলেছেন, প্রকল্পের যেকোনো পণ্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজার যাচাই করতে হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী এসব তাগিদ দেন। সম্প্রতি বিভিন্ন প্রকল্পের পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে উচ্চমূল্য নির্ধারণ করায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন বলে সভা শেষে সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, সরকার অহেতুক সমালোচিত হতে চায় না। আমরা পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের পণ্যের মূল্য নির্ধারণে সাবধান হতে নির্দেশ দিয়েছি। জানা মতে, এ রকম কাজ আর হবে না। তিনি জানান, প্রকল্পের যেকোনো পণ্যের ক্ষেত্রে বাজার যাচাই করে দাম নির্ধারণ করতে হবে।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, প্রকল্প শেষ হওয়ার আগেই তা সংশোধনের প্রয়োজন হলে করতে হবে। কিন্তু শেষ হওয়ার পর যেন সংশোধনীর জন্য না আসে সে নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এম এ মান্নান বলেন, রাস্তাঘাট প্রশস্ত করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, রাস্তার পাশে গরিব মানুষের বাড়ি ও গ্রাম যাতে ভেঙে ফেলা না হয় সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। প্রয়োজনে অ্যালাইনমেন্ট পরিবর্তন করে হলেও অন্যপাশ দিয়ে রাস্তা ঘুরিয়ে নিতে হবে। তারপরও বাধ্য হয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে হলে তাদের উদারভাবে ক্ষতিপূরণ দিতে হবে।
বৈঠকে ভারত থেকে বিদ্যুৎ আমদানি সংক্রান্ত এক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ঝাড়খ- থেকে বিদ্যুৎ আমদানি করতে লাইন স্থাপন করা হবে। এ প্রকল্পের প্রসঙ্গ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, ভবিষ্যতে হয়তো আমরা বিদ্যুৎ রপ্তানিও করতে পারব।
বৈঠকে সরকারের প্রকল্প তদারকি সংস্থা বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) শক্তিশালী করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিকল্পনামন্ত্রী জানান, এজন্য আইএমইডির বিভাগীয় অফিস স্থাপনের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।