মিয়ানমারের মোবাইল অপারেটরের সিমসহ ৩ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের একটি মোবাইল ফোন অপারেটরের ২২২টি সিমকার্ডসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ স্থলবন্দরের প্রধান ফটকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের আটক করেন। আটক তিন রোহিঙ্গা হলো মিয়ানমারের মংডু বিচিডিল এলাকার নুরুল

আলমের ছেলে নুর হাসান (২২), টেকনাফের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শিবিরের হোসেনের ছেলে সলিম (২৬) ও উখিয়ার জামতলী রোহিঙ্গা শিবিরের মেহের শরীফের ছেলে রবি আলম (২২)।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস দেশ রূপান্তরকে জানান, টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আসা একটি ট্রলারে করে বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গাদের ব্যবহারের জন্য সিমগুলো আনা হয়েছিল। সিমগুলো হাতবদলের সময় ট্রলারটির মাঝিসহ তিন রোহিঙ্গাকে বন্দরের নিরাপত্তাকর্মীরা আটক করেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর এবং উদ্ধার হওয়া ২২২টি সিমকার্ড জব্দ করা হয়।

টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মো. জসীম উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, ‘সন্দেহ হওয়ায় তিন রোহিঙ্গাকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে মিয়ানমারের ২২২টি সিম পাওয়া যায়।’

মিয়ানমারের সিমসহ আটক তিন রোহিঙ্গার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি প্রদীপ কুমার দাস।

সম্প্রতি কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা শিবিরগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরদের নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার। এ পরিস্থিতিতে নিজেদের মধ্যে ও মিয়ানমারে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে মিয়ানমার থেকে দেশটির মোবাইল ফোন অপারেটর কোম্পানির সিম আসা শুরু হয়েছে। এক্ষেত্রে সিম পাচারের পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে টেকনাফ স্থলবন্দরকে।