‘এই রুপালি গিটার ফেলে/একদিন চলে যাব দূরে, বহুদূরে/সেদিন চোখে অশ্রু তুমি রেখো গোপন করে’Ñ ব্যান্ডসংগীতে এই অমর গানটি গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। এলআরবি ব্যান্ডের ভোকাল ও লিড গিটারিস্ট এবং দেশের ব্যান্ডসংগীতের পুরোধা আইয়ুব বাচ্চু গত বছরের ১৮ অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। ঢাকায় শেষ নিঃশ^াস ত্যাগ করলেও চট্টগ্রাম নগরের স্টেশন
রোডের বাইশ মহল্লার চৈতন্য গলি কবরস্থানে মায়ের কবরের পাশেই ২০ অক্টোবর আইয়ুব বাচ্চুকে সমাহিত করা হয়।
তখনই শোকসভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ঘোষণা দিয়েছিলেন আইয়ুব বাচ্চুর নামে চট্টগ্রাম নগরে স্থাপনা নির্মাণের। এরই অংশ হিসেবে প্রথম মৃত্যুবার্ষিকীর ঠিক এক মাসে আগে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে ১৮ ফুট উঁচু দৃষ্টিনন্দন প্রতীকী ‘রুপালি গিটার’ স্থাপন কাজ শেষ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। দেশের কিংবদন্তী শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণীয় করে রাখতে আজ (বুধবার) সন্ধ্যায় স্টিলের তৈরি এই প্রতীকী ‘রুপালি গিটার’ উদ্বোধন করা হবে।
জানতে চাইলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশ রূপান্তরকে বলেন, আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী ছিলেন। দেশের জনপ্রিয় এ সংগীত ব্যক্তিত্ব চট্টগ্রামের কৃতী সন্তান। এই বন্দরনগরীতেই তার বেড়ে ওঠা। গত বছর চট্টগ্রামের গর্বিত এই সংগীত ব্যক্তিত্বের প্রস্থানে সংগীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাকে স্মরণীয় করে রাখতেই এই ‘রুপালি গিটার’র প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। যেখানে আইয়ুব বাচ্চুর কথা লেখা থাকবে। প্রজন্ম থেকে প্রজন্ম চট্টগ্রামের কিংবদন্তি এই শিল্পীকে জানবে।
গতকাল নগরের প্রবর্তক মোড়ে গিয়ে দেখা যায়, ১৮ ফুট উঁচু স্টিলের তৈরি গিটারটি যাত্রী-পথচারীদের নজর কাড়ছে। সাড়ে চার ফুট বেদির ওপর বসানো হয়েছে গিটার। চারপাশে রাখা হয়েছে ফোয়ারা।
এই প্রতীকী ‘রুপালি গিটার’ প্রতিকৃতির উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।
চসিক সূত্রে জানা যায়, চসিকের সৌন্দর্যবর্ধন কাজের অংশ হিসেবে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে নগরের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত সৌন্দর্যবর্ধন প্রকল্পের অধীনে এই প্রতীকী রুপালি গিটার স্থাপন করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে গত বছরের শেষ দিকে চসিকের সঙ্গে অডিওস ইঙ্ক ও স্ক্রিপ্টের চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী এই প্রকল্পের অধীনে প্রবর্তক মোড় থেকে গোলপাহাড় মোড় পর্যন্ত মিড আইল্যান্ড, উভয় পাশের ফুটপাত, গোলচত্বরসহ প্রায় ৪৫০ মিটার এলাকায় আধুনিকায়নের মাধ্যমে নানা সৌন্দর্যবর্ধন কাজ করার কথা রয়েছে।