নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ৩০

নেত্রকোনায় ঢাকাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার শ্রীপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

এতে বাসে থাকা সকল যাত্রীই কমবেশি আহত হয়েছেন। গুরুতর আহত হয়নি কেউই তবে দুজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- মদন এলাকার মাহফুজুর রহমানের মেয়ে নাদিয়া আক্তার (১৮) ও চানগাঁও গ্রামের আশরাফুল আলমের মেয়ে জোস্না আক্তার (২০)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শাহজালাল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-১৫৬৭) একটি যাত্রী বাস মদন উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা-মদন সড়কের আটপাড়া উপজেলার শ্রীপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি উল্টে যায়। এতে করে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীই কমবেশি আঘাত পান।

এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্ধার কাজ চালায়। তবে চালককে আটক করতে পারেনি পুলিশ।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাজাহান মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।