নড়াইলে মাশরাফীর প্রিয় শিক্ষককে সম্মাননা

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রীস আহম্মদকে গুণীজন সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা বিভিন্ন বক্তব্যে তার জীবনে শিক্ষক ইদ্রীস আহম্মদের অবদানের কথা স্মরণ করে থাকেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘আমরা প্রত্যেকেই আজকের এ অবস্থানে আসতে পেরেছি শিক্ষকদের অবদানে। ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ করতে হলে ইদ্রীস আহম্মদের মতো অনেক গুণী শিক্ষক প্রয়োজন।’

সম্মাননা পেয়ে আপ্লুত ইদ্রীস আহম্মদ বলেন, ‘১৯৯২ সাল থেকে সততা-নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করছি। এমন মূল্যায়ন করা হবে ভাবতে পারিনি, সবাইকে ধন্যবাদ। কর্মের মূল্যায়ন পেলে সবাই নিজ উদ্যোগে আরও কাজ করেন। সমাজে এ চর্চা আরও বাড়ানো দরকার।’