ফেইসবুকে সর্বেসর্বা থাকছেন না জাকারবার্গ

ফেইসবুকে মার্ক জাকারবার্গের ক্ষমতা নিয়ে প্রযুক্তি জগতে আলোচনা দীর্ঘদিনের।

অবশেষে ফেইসবুকের ‘সর্বময় ক্ষমতা’ হারাচ্ছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ। নতুন একটি তদারকি বোর্ড গঠন করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এই বোর্ডের সদস্যরা ইচ্ছা করলে জাকারবার্গের সিদ্ধান্তও বাতিল করে দিতে পারবেন!

ফেইসবুকে জাকারবার্গের ক্ষমতা নিয়ে প্রযুক্তি জগতে আলোচনা দীর্ঘদিনের। তাকে বলা হয় সামাজিক দুনিয়ার ‘একনায়ক’। কয়েক মাস আগে তার এক বন্ধু এবং সহকর্মী পর্যন্ত বিষয়টি নিয়ে কথা বলেন। ওই সময় ফেইসবুক ভেঙে আলাদা-আলাদা প্রতিষ্ঠান গঠনের দাবি ওঠে।

নতুন নীতিমালাকে জাকারবার্গ এভাবে ব্যাখ্যা করেছেন, ‘আমি কিংবা অন্য কেউ কোনো বিষয়ে একমত না হলেও বোর্ডের সিদ্ধান্ত মানার বাধ্যবাধকতা থাকবে।’

২০২০ সালের শুরু থেকে এই তদারকি বোর্ড কাজ শুরু করবে।

বিদ্বেষ ছড়ানো কনটেন্ট নিয়ে গত কয়েক বছরে একাধিকবার সমালোচনায় পড়েছে ফেইসবুক। অনেক সময় বিপজ্জনক ভিডিও তারা সরাতে দেরি করেছে। কখনো আবার সরায়নি। এসব হয়েছে মূলত সিদ্ধান্তহীনতার কারণে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন থেকে ফেইসবুককে স্বাধীন বোর্ড করতে চাপ দেওয়া হয়।

নতুন তদারকি বোর্ড এখন থেকে এই ধরনের অভিযোগ পর্যালোচনা করবে। এটি হবে ফেইসবুকের ‘সুপ্রিম কোর্ট’। তারা যে সিদ্ধান্ত নেবে, সেটিই ফেইসবুক গ্রহণ করবে।