জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী প্রতিনিধি রাবাব ফাতিমা

১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভের পর প্রথম কোনো নারী কূটনীতিককে স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বুধবার জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমাকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি হবেন জাতিসংঘে দেশের ১৪তম স্থায়ী প্রতিনিধি।

রাবাব ফাতিমা ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি নিউ ইয়র্কে বাংলাদেশ মিশন ছাড়াও জেনেভা, কলকাতা এবং পেইচিংয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থায়ও গুরুত্বপূর্ণ পদে ছিলেন ফাতিমা। তিনি

 যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি থেকে কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার স্বামী কাজী ইমতিয়াজ হোসাইন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দম্পতির এক মেয়ে আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, জাতিসংঘে বর্তমানে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।