ছাত্রলীগ নেতা হতে লাগবে লিখিত পরীক্ষা

আখাউড়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন শাখা কমিটির নেতৃত্বে আসার জন্য পদপ্রত্যাশীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী আনিসুল হকের উপস্থিতিতেই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার পর সম্মেলন অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকেই নেতা নির্বাচন করা হবে। নেতৃত্ব বাছাইয়ে পরীক্ষার বিষয়টিকে ভালোভাবেই নিয়েছেন নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক শাকাওয়াত হোসেন নয়ন বলেন, আমরা সৃজনশীল পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেব। পাশাপাশি মৌখিকও নেওয়া হবে। সব মিলিয়ে ৬০ নম্বরের পরীক্ষা হতে পারে। প্রশ্ন হবে ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর।