সংবাদ সম্মেলনে জয়শঙ্কর

পাকিস্তান অধিকৃত কাশ্মীরও ভারতের দখলে আসবে

পাকিস্তানের অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। একদিন নয়াদিল্লি ওই অংশের নিয়ন্ত্রণ নিতে পারবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। গত মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। কাশ্মীরের

 সবচেয়ে জনবহুল এলাকা কাশ্মীর উপত্যকা ভারতের শাসনাধীন। কাশ্মীরের পশ্চিমাংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে। নিজেদের নিয়ন্ত্রিত ওই এলাকাকে পাকিস্তান ‘আজাদ কাশ্মীর’ বললেও নয়াদিল্লি ওই অংশটিকে ‘পাকিস্তান-অধিকৃত কাশ্মীর’ (পিওকে) বলে বর্ণনা করে।

সংবাদ সম্মেলনে জয়শঙ্কর বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিষয়ে আমাদের অবস্থান সব সময় অত্যন্ত পরিষ্কার আছে এবং থাকবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের অংশ এবং আমরা আশা করছি একদিন এর ওপর আমরা আইনগত অধিকার, বাস্তব আইনগত অধিকার লাভ করব।’

গত মাসে নয়াদিল্লি তাদের অধীনে থাকা কাশ্মীরকে পুরোপুরি ভারতের ভূখণ্ডভুক্ত করার জন্য অঞ্চলটির বিশেষ মর্যাদা বাতিল করে। ভারতের কেন্দ্রীয় সরকারের ওই পদক্ষেপে কাশ্মীর ও পাকিস্তানজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে।  

এদিকে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জয়শঙ্করের মন্তব্যের নিন্দা করে জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্যে ‘উত্তেজনা আরও বেড়ে যেতে পারে’ এবং এতে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা ‘গুরুতরভাবে বিপন্ন’ হতে পারে। পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু যে কোনো আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত।

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান এ পর্যন্ত দুবার যুদ্ধে জড়িয়েছে। কাশ্মীরের মর্যাদা পরিবর্তনের ভারতীয় সিদ্ধান্তের নিন্দা করে পাকিস্তান বলেছে, ওই অঞ্চলের প্রতিবাদকারী ও ভিন্নমতাবলম্বীদের ওপর ভারতের চালানো দমন-পীড়ন বিশ্বের মুসলিমদের আরও চরমপন্থার দিকে ঠেলে দেবে। অপরদিকে জয়শঙ্কর বলেছেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মনে করেন কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়।