মারধরের অভিযোগে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) তানভীর হাসান ছোটমনিসহ নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা।
বৃহস্পতিবার তিনি নিজে বাদী হয়ে টাঙ্গাইল আদালতে মামলা দায়ের করেন।
গোপালপুর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী আদেশ দেবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
মামলার অভিযোগে বলা হয়, রবিবার দুপুরে হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা শিমলা বাজারে একটি সেলুনে শেভ করাচ্ছিলেন। এসময় একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জুয়েলকে ঢাকায় পাঠানো হয়।
এ হামলার জন্য সংসদ সদস্য তানভীর হাসানের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা দায়ী বলে মামলার অভিযোগে দাবি করা হয়েছে। মামলায় এমপি তানভীর হাসানসহ আরও আটজনকে আসামি করা হয়।
অভিযুক্তরা সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, মামলা উপস্থাপনের পর আদালত পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে মামলা নথিভুক্ত করার জন্য গোপালপুর থানার ওসিকে নির্দেশ দেন। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী আদেশ দেবেন বলেন আদালত জানিয়েছেন।