সাভারে আ. লীগ নেতা হত্যার বিচার দাবিতে সমাবেশ

সাভারে পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাভার পৌর এলাকার তারাপুর মাঠে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নেতা মজিদের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হত্যাকা-ে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান বক্তারা।

তারা আরও বলেন, মজিদের হত্যাকারীরা এটাই প্রথম খুন করেনি, এর আগেও তারা একই এলাকায় আরও দুজনকে হত্যা করেছে। সেসব ঘটনায় দায়ের করা মামলায় জামিনে থেকে আবারও হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে। এভাবে চলতে থাকলে বিচারহীনতার কারণে কখন কাকে সন্ত্রাসীদের হাতে খুন হতে হবে সেটা কেউ বলতে পারবে না। তাই অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা না হলে আগামীতে মহাসড়ক অবরোধসহ বড় ধরনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।