ফেইসবুকের নতুন পোর্টাল ভিডিও চ্যাটিং ডিভাইস

ফেইসবুকের নজর এবার স্ট্রিমিং হার্ডওয়্যার এবং চ্যাটিং ডিভাইসের দিকে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমটি নতুন পোর্টাল ভিডিও চ্যাটিং ডিভাইস এনেছে।

এ ছাড়া প্রথমবারের মতো টিভি স্ট্রিমিং হার্ডওয়্যার আনতে যাচ্ছে ফেইসবুক। তবে শুরুর দিকে এর সাবস্ক্রিপশন থাকবে সীমিত আকারে।

রয়টার্স জানায়, ডেটা শেয়ারিং স্ক্যান্ডালের পর গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণের প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার প্রচেষ্টা, দীর্ঘ বছর পর ব্যবহারকারীর সংখ্যার হার কমে যাওয়া, সেই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে কনটেন্ট মডারেশনে নতুনত্ব আসার পরিপ্রেক্ষিতে এই সেবাগুলোর দিকে ঝুঁকল ফেইসবুক।

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইন্সটাগ্রাম অ্যাপসের মাধ্যমে ফেইসবুক এখন বার্তা আদান প্রদানের বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। মাসে ২৪০ কোটি মানুষ এসব পরিষেবা গ্রহণ করছে।

ভিডিও কলে নতুন পোর্টাল লাইনের দিকে গুরুত্ব দিচ্ছে ফেইসবুক এখন। হোয়াটসঅ্যাপে কলিংয়ে আরও বেশি সক্ষমতা বৃদ্ধিতে তারা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আনতে যাচ্ছে, যাতে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে গিয়েও ভিডিও কলে ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা এনে দেবে।

আমাজন ও গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে স্মার্ট স্পিকারের দামও কমিয়ে আনছে ফেইসবুক।

১৫ অক্টোবর থেকে পোর্টালের স্ট্যান্ডার্ড মডেলস বিক্রি হবে দুইটি ভার্সনে ১২৯ এবং ১৭৯ ডলারে। আর নভেম্বরের শুরুতে পোর্টাল টিভি আনতে যাচ্ছে, যার মূল্য পড়বে ১৪৯ ডলার।