পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ কোম্পানির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ ৫ টাকা ৫০ পয়সা করে পাবেন।
গতকাল অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
লভ্যাংশের বিষয়ে এপেক্স ফুটওয়্যারের পরিচালনা পর্ষদের নেওয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১০ টাকা ৯১ পয়সা এবং চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৪৯ টাকা ৮৩ পয়সা। লভ্যাংশ ঘোষণার কারণে আগামী রবিবার (২২ সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়াতে অথবা কমাতে পারবে। ১১ কোটি ২৫ লাখ টাকা পরিশোধিত মূলধনে কোম্পানিটির মোট শেয়ারসংখ্যা ১ কোটি ১২ লাখ ৫০ হাজার। এর মধ্যে ২৫ দশমিক ৪৮ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১ দশমিক ১২ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩ দশমিক ৪০ শতাংশ শেয়ার।