আদালতের আদেশ অমান্য করে পাবলিক টয়লেট নির্মাণের চেষ্টা করায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খানের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন হয়েছে।
বেলা ১১টায় শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত সিরাজুল ইসলামের স্ত্রী তাজলিন রহমান তার মনিরামপুরের বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি জানান, শাহজাদপুর উপজেলার দারিয়াপুর মৌজার মনিরামপুর বাজারে অবস্থিত একটি পাকা মার্কেট আমার স্বামী জীবিত অবস্থায় করে যান। মার্কেটটি আমার ভোগদখলে রয়েছে। কিন্তু শাহজাদপুরের ইউএনও নাজমুল হুসেইন খান ওই ভূমি জোরপূর্বক দখল করে সেখানে পাবলিক টয়লেট নির্মাণকাজ শুরু করেছেন। মার্কেটের জমিতে আদালতের স্থিতাবস্থার আদেশ রয়েছে।
তাজলিন রহমান বলেন, ‘সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আমার সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
নাজমুল হুসেইন খান প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘কাজটি জনস্বার্থে করা হচ্ছে। তবে সেখানে যদি আদালতের কোনো নির্দেশনা থাকে তাহলে তা করা হবে না। এ বিষয়ে আমার জানা ছিল না।’