প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায়ের আদালতে রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে ডিবিসি টেলিভিশনের ‘রাজকাহন’ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ আরজিতে রাঙ্গুনিয়া পৌরসভা সদরে সংগঠনের কার্যালয়ে বসে উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলম শুনেছেন বলে উল্লেখ করা হয়েছে।
বাদী আরও উল্লেখ করেন, ‘দুদু ও ১৯৭১ সালে পরাজিত শক্তিরা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পূর্বেও এমন হুমকি দেওয়া হয়েছিল। এর আগেও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার ষড়যন্ত্র করা হয়।’
জানতে চাইলে বাদীর আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ দেশ রূপান্তরকে বলেন, ‘বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদনটি করা হয়েছে। আদালত আবেদনটি গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে রাষ্ট্রদ্রোহ মামলা রুজুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে বলেছেন। এরপর নিয়মিত মামলা রুজুর নির্দেশ দিয়েছেন।’ এ ছাড়া দুদুর বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে আনার জন্য আদালতের কাছে আরজি জানানো হয়েছে বলেও জানান তিনি।