সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনসহ সারা বছর বিভিন্ন নির্বাচন আয়োজনে ব্যস্ত থাকা নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা এবার নেমেছেন ভোটের মাঠে। সাংবিধানিক এ প্রতিষ্ঠানটির কর্মকর্তা যারা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন তারাই এবার প্রার্থী হয়েছেন। ভোটের হাওয়া এখন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। ইসি কর্মকর্তাদের সংগঠন ‘বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন’র ভোট আজ।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ২০১২ সালে যাত্রা শুরু হওয়া সংগঠনটির তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে শুক্রবার সকাল ৯টায়। এতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও ইসি সচিবের উপস্থিত থাকার কথা রয়েছে। এজিএমের পর বেলা ৩টা-৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী ১০৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সাতজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় শেষ পর্যন্ত ১৫টি পদে ভোটের লড়াইয়ে রয়েছেন ৯৭ জন।
তারা আরও জানিয়েছেন, এর মধ্যে চারটি পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হবে না। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও ব্যালট পেপারে ভোট দেবেন ৫৬৩ কর্মকর্তা। অ্যাসোসিয়েশেনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বর্তমানে ১৪টি পদে ৩১ জনের কমিটি রয়েছে। প্রস্তাবিত সংখ্যা হচ্ছে ৫১ জন। এ নিয়ে ইসিতে ভোটের হাওয়া বিরাজ করছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারের পাশাপাশি প্রার্থীরা গিয়েছেন ভোটারদের কক্ষে কক্ষে। ভোটাররাও তাদের দাবি নিয়ে প্রতিশ্রুতি চেয়েছেন।
নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান বলেন, ‘এবার প্রথমবারের মতো অ্যাসোসিয়েশনের ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। সবার মধ্যে বেশ আগ্রহ পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা ও বাছাই শেষ হয়েছে। শুক্রবার ভোটগ্রহণ হবে।’
প্রার্থীরা হলেন সভাপতি পদে মো. আব্দুল বাতেন, মো. নুরুজ্জামান তালুকদার ও মোস্তফা ফারুক; সহ-সভাপতি পদে মো. আলাউদ্দীন, মো. তারিফুজ্জামান, মো. আতিয়ার রহমান, এ এম শামসুজ্জামান ও মো. মুনীর হোসাইন খান; মহাসচিব পদে ফয়সাল কাদের, মুহাম্মদ হাসানুজ্জামান, মোহাম্মদ মনির হোসেন ও সুধাংশু কুমার সাহা; যুগ্ম মহাসচিব পদে এ এইচ এম কামরুল হাসান, কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, মুহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ আলমগীর হোসেন, মো. এনামুল হক, মোহাম্মদ মতিয়ুর রহমান, মোহাম্মদ মমিন মিয়া, মো. মনিরুজ্জামান, শেখ মুহাম্মদ আদিল ও সহিদ আব্দুস ছালাম; সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজালাল, এ এস এম জাকির হোসেন ও নজরুল ইসলাম। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে রাশেদুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. রশিদ মিয়া ও প্রচার-প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার একক প্রার্থী।