সোশ্যাল প্রোগ্রেস ইম্পারেটিভের তথ্য

সামাজিক উন্নয়নে সামান্য অগ্রগতি বাংলাদেশের

নাগরিকদের মৌলিক চাহিদা, স্বাচ্ছন্দ্য ও সুবিধাদি ভিত্তির বিভিন্ন সূচকে বাংলাদেশের কিছুটা অগ্রগতি হয়েছে, তবে বৈশ্বিক তালিকায় নিজের অবস্থান পাল্টাতে পারেনি। ওয়াশিংটনভিত্তিক সোশ্যাল প্রোগ্রেস ইম্পারেটিভের গত বুধবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ গত বছরের অবস্থানে রয়েছে। এবার বিশ্বের ১৪৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮তম।  গত বছর ১৪৬ দেশের মধ্যে ১০৮তম ছিল বাংলাদেশ। তবে বিভিন্ন সূচকে গতবার ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশ পায় ৫২ দশমিক ১৮, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১১।

প্রতিবেদনটি পর্যালোচনায় দেখা যায়, সামাজিক উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে রয়েছে নেপাল আর সবচেয়ে পেছনে পাকিস্তান। ৬০ দশমিক ২৩ পয়েন্ট পেয়ে নেপালের অবস্থান ৯৯তম, গতবার ছিল ১০১তম। গত বছর ১০০তম থাকা ভারত এবার দু’ধাপ পিছিয়ে ১০২তম হয়েছে। এক বছরের ব্যবধানে পাকিস্তান ১০ ধাপ পিছিয়ে হয়েছে ১২৫তম, দেশটি পেয়েছে ৪৮ দশমিক শূন্য ২ পয়েন্ট। প্রতিবেশী দেশ মিয়ানমারও পিছিয়েছে ৬ ধাপ। এবার ১৪৯ দেশের মধ্যে মিয়ানমারের অবস্থান ১১৩তম, আগের বছর ছিল ১০৭তম।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সবচেয়ে এগিয়েছে ব্যক্তিগত নিরাপত্তা এবং তথ্য-যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুযোগের ক্ষেত্রে। ব্যক্তিগত নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৯৩তম, তথ্য-যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অবস্থান ৯১তম। তবে ব্যক্তিগত স্বাধীনতা ও পছন্দ সূচকে বাংলাদেশ ১২৮তম, অন্তর্ভুক্তিমূলক সূচকে ১৩১তম।

পুষ্টি ও মৌলিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অবস্থান ১০৩তম, পানি ও পয়ঃনিষ্কাশনে ১০৫তম, মৌলিক শিক্ষায় প্রবেশাধিকার বিবেচনায় ১০৯তম, পরিবেশের গুণমানে ১০৭তম, ব্যক্তিগত অধিকারে ১১০তম এবং উচ্চতর শিক্ষায় প্রবেশাধিকার ক্ষেত্রে ১০২তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।