খালেদার মুক্তির দাবিতে মানববন্ধন

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর, মাগুরা, জামালপুর, ঝিনাইদহ ও ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দলটির সহযোগী সংগঠন যুবদল। গতকাল শুক্রবার সকাল ও দুপুরের দিকে এসব কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর : মহানগর ও জেলা যুবদল সকালে মানববন্ধন করে রাজবাড়ি রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বশির উদ্দিন। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাটের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম টুটুল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন, সহসভাপতি সাজেদুল ইসলাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

মাগুরা : সকালে জেলা জজ আদালতের সামনে জেলা যুবদল সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, রোকনুজ্জামান খান, শাহেদ হাসান টগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদসহ অঙ্গসংগঠনের নেতারা।

জামালপুর : দুপুরে স্টেশন রোডের বিএনপি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে জামালপুর জেলা যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন। জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

ঝিনাইদহ : সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা বিএনপির নেতারাসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন। জেলা যুবদলের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এস এম  মশিয়ুর রহমান। 

ঠাকুরগাঁও : দুপুর ১২টায় জেলা যুবদল শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করে। এতে বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন প্রমুখ।