রোহিঙ্গাদের এনআইডি

চট্টগ্রামে ইসির অস্থায়ী কর্মী গ্রেপ্তার

রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির ঘটনায় দায়ের মামলায় চট্টগ্রামে নির্বাচন কমিশনের (ইসি) প্রকল্পের অস্থায়ী কর্মী মোস্তফা ফারুককে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। বৃহস্পতিবার রাতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শুক্রবার তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মোস্তফা ফারুকের বাড়ি ফেনী সদর উপজেলার দমদমা গ্রামে। তিনি চট্টগ্রামের বোয়ালখালীতে ইসির ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যুক্ত রয়েছেন। পরে মোস্তফা ফারুকের বাসায় অভিযান চালিয়ে ইসির দেওয়া ল্যাপটপসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।

সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহ দেশ রূপান্তরকে জানান, এনআইডি জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার এক আসামি রিমান্ডে মোস্তফা ফারুকের জড়িত থাকার কথা জানান। এরপর ডেকে এনে জিজ্ঞাসাবাদে তথ্য-প্রমাণ পাওয়ার পর তার বাসা থেকে ল্যাপটপ, পেনড্রাইভ ও মডেম জব্দ করা হয়। গতকাল শুক্রবার গ্রেপ্তার দেখিয়ে ফারুককে আদালতে পাঠানো হয়।

রোহিঙ্গাদের এনআইডি জালিয়াতির ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জয়নাল আবেদিন (৩৫), বিজয় দাশ (২৬) ও সীমা দাশকে (২৪) গ্রেপ্তার করা হয়। পরে কোতোয়ালি থানায় তাদের বিরুদ্ধে মামলা করেন ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা।