রাস্তার উপর বালুর পাইপে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

মোংলায় রাস্তার উপরের অবৈধ বালুর পাইপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোডে এ দুর্ঘটনা ঘটে।

মোংলা থানার সাব ইন্সপেক্টর সুধাংশ কুমার মল্লিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মলয় মল্লিক বলেন, বালুর পাইপের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম রাজু হাওলাদার (২৪)। তিনি মোংলা পোর্ট পৌরসভার ২নং ওয়ার্ডের মিয়াপাড়া এলাকার বাসিন্দা আজিজ হাওলাদারের ছেলে। নিহত রাজু মোংলা বন্দর জেটিতে মার্চেন্টের সর্দার হিসেবে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু রাত সাড়ে ৯টার দিকে শহর থেকে মাদ্রাসা রোড হয়ে মিয়াপাড়ার বাড়িতে ফিরছিলেন। পথে পৌরসভার মাদ্রাসা রোডের উপর বসানো অবৈধ বালুর পাইপে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে অন্তত ২০ গজ দূরে গিয়ে পড়েন তিনি। মোটরসাইকেলটি ছিটকে যায় প্রায় ৫০ গজ দূরে। এ সময় আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ডাক্তার মলয় মল্লিক বলেন, মাথায় আঘাতে প্রচণ্ড রক্তক্ষরণে দুর্ঘটনাস্থলেই মারা যান রাজু।

এদিকে মোংলা পোর্ট পৌরসভার মেয়র মো. জুলফিকার আলী বলেন, অপরিকল্পিত ও অবৈধভাবে পৌরসভার প্রায় সব কয়টি সড়কের উপর বালুর পাইপ বসানো হয়েছে। কেউ এগুলো বসানোর ক্ষেত্রে কোনো ধরনের অনুমতিও নেয়নি। এই অবৈধ বালুর পাইপ বসানোর কারণেই এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাহাত মান্নান বলেন, ‘খবর শুনেছি, আমি এখন ছুটিতে রয়েছি, অফিসে ফিরেই এর (অবৈধ বালুর পাইপ) বিরুদ্ধে ব্যবস্থা নেব।’