সন্ত্রাস, টেন্ডারবাজ ও চাঁদাবাজিসহ নানা অভিযোগের মামলায় কুষ্টিয়া সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার হাসানবাগ স্কুলের সামনে থেকে মিজানুর রহমান মিজুকে এবং রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের হরিসংকরপুর এলাকার নিজ বাড়ি থেকে আশরাফুজ্জামান সুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কুষ্টিয়া মডেল অফিসার ইনচার্জ নাসির উদ্দিন নিশ্চিত করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে জানা যায়, কুষ্টিয়া ইবি ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ওই দুই যুবলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এনে মামলা করেন সদর উপজেলার ব্যবসায়ী আলামিন হোসেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিজু ও সুজনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।