মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম এলাকার পাথুড়িয়ারপাড় গ্রামের মো. হান্নান হাওলাদার নামের এক অসহায় কৃষকের পুকুরে শনিবার ভোর রাতে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
এতে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী কৃষক জানায়। এই বিষয় ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।
ভুক্তভোগী পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার পাথুড়িয়ারপাড় গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে হান্নান হাওলাদার তার নিজ পুকুরে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, তেলাপিয়া ও সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে। মাছগুলো কিছুদিন পরেই বিক্রির যোগ্য হয়ে উঠতো। কিন্তু রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে। এতে তার পুকুরের সব মাছ মরে যায়।
কৃষক মো. হান্নান হওলাদার বলেন, আমার প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি মাছের চাষ করে তা দিয়ে সংসার চালাতাম। কিন্তু আমি এখন কি খেয়ে বাঁচবো? আমি গরীব মানুষ, আমাকে এমন ক্ষতিটা করলো!
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. গোলাম কিবরীয়া বলেন, মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।