cটার্কি মুরগির ১৯শ খামারির কাছ থেকে ৫০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ঠাকুরগাঁওয়ে রংধনু শপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাবলু রায় (৪৫) ও তার স্ত্রী মুক্তি রানীকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বাবলু রায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে ও রংধনু ট্রেডার্সের মালিক।
পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার দুপুরে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তাজমহল রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে ঠাকরগাঁও থানায় ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা রয়েছে এবং ২০টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম জানান, খামারিদের টাকা আত্মসাৎ করে তিন মাস ধরে গা-ঢাকা দিয়েছিলেন ওই পরিচালক। গোপন সূত্রে তার উপস্থিতি টের পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, আটক বাবলু ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয়। চুক্তি অনুযায়ী মেয়াদ শেষে ওই সব উদ্যোক্তার পালিত মুরগি নেয়, কিন্তু তাদের টাকা পরিশোধ করেনি। পরে উদ্যোক্তারা বিভিন্ন থানায় মামলা করেন। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওয়াহেদ আলী, এসআই রূপকুমার, এএসআই নবিউল, প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।’