বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। গতকাল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
নুরুল হক বলেন, ‘রাজনৈতিক অনুগতরা দায়িত্বে আসায় পাবলিক বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সব সময় ক্ষমতাসীন ছাত্রসংগঠন হামলা চালায়। গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যপন্থিরা শিক্ষার্থীদের আহত করেছেন। এতে বঙ্গবন্ধুর পুণ্যভূমি কলঙ্কিত হয়েছে। এমন অপদার্থ একজন উপাচার্য গোপালগঞ্জের মাটিতে থাকতে
পারেন না। তাকে বিদায় করতে হবে।’
বশেমুরবিপ্রবিতে চলমান আন্দোলনে সংহতি ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালন করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এতে সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা, ফারুক হাসান, লুৎফুন নাহার প্রমুখ বক্তব্য দেন।
আমাদের খুলনার নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল শনিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বশেমুরবিপ্রবি উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবি করেন বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বশেমুরবিপ্রবি খুলনা জেলা সমিতির শিক্ষার্থীরা। তারা উপাচার্যকে দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারী, বাকস্বাধীনতাহরণকারী এবং বিএনপি ও জামায়াত-শিবিরের এজেন্ট আখ্যায়িত করেন। এর আগে সাবেক শিক্ষার্থীরা নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
সংবাদ সম্মেলনে প্রাক্তন ছাত্র সম্রাট বিশ্বাস বলেন, ‘খোন্দকার নাসিরউদ্দিন ১৯৯৪-৯৫ সালে কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেলের পক্ষে নির্বাচন করেন। জিয়ার পক্ষে সাফাই গেয়ে বই লিখেছেন। এখন রূপ পাল্টে ফেলেছেন। বিচার বিভাগীয় তদন্ত করলে তার সব কুকীর্তি বেরিয়ে আসবে।’ এ সময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির সাবেক শিক্ষার্থী ফোরাম খুলনার নেতা আদনান ফয়সাল আলিফ, আবুল হাসান আফসানা ঊষা, মোহুয়া হাসান মনীষা প্রমুখ।
আমাদের রাবি প্রতিনিধি জানান, বশেমুরবিপ্রবি উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ দাবিতে গতকাল শনিবার প্রধান ফটকে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকরা। তারা উপাচার্যের পদত্যাগ এবং শিক্ষার্থীদের আন্দোলনে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন ও সেøাগান দেন। কর্মসূচিতে সাংবাদিক সমিতির সভাপতি সুজন আলী, সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সাইফ, বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মানিক রায়হান বাপ্পী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেইসবুকে মন্তব্যের জের ধরে ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও ডেইলি সান পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে বহিষ্কার করলে সমালোচনার মুখে পড়েন উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। আন্দোলনের মুখে গত বুধবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তবে উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রেখেছেন। এরই মধ্যে আন্দোলন ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্র্তৃপক্ষ।